• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন এপ্রিলের পূর্বে অনুষ্ঠানের আহ্বান জামায়াত আমিরের

দখিনের সময়
প্রকাশিত জুন ৩, ২০২৫, ১৭:৫৯ অপরাহ্ণ
জাতীয় নির্বাচন এপ্রিলের পূর্বে অনুষ্ঠানের আহ্বান জামায়াত আমিরের
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, আগামী জাতীয় নির্বাচন যেন এপ্রিল মাসের পর না হয়। মঙ্গলবার (৩ জুন) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে সময়মতো ভোটগ্রহণ নিশ্চিত করতে হবে। তার মতে, সুষ্ঠু ভোট ছাড়া দেশে ফ্যাসিবাদ পুরোপুরি বিদায় নেবে না এবং জনগণের প্রকৃত মত প্রতিফলিত হবে না।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে নিবন্ধন ও প্রতীক বাতিল করা হয়েছিল। একটি বিশেষ মহল আদালতে গিয়ে রাজনৈতিকভাবে প্রভাবিত রায় আদায় করে। তিনি দাবি করেন, তৎকালীন সরকারের ফ্যাসিবাদী ইঙ্গিতে বিচারব্যবস্থা প্রভাবিত হয়েছিল। তবে ৫ আগস্টের অভ্যুত্থান না ঘটলে জামায়াত তার রাজনৈতিক অধিকার ফিরে পেত না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, ফ্যাসিবাদীরা বিদায় নিলেও দেশে এখনো ফ্যাসিজমের প্রভাব রয়েছে, যা রাজনৈতিক মুক্তির পথে বড় বাধা।
এক প্রশ্নের জবাবে জামায়াত আমির আরও বলেন, নির্বাচন কমিশনের সদিচ্ছা যাচাইয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি। ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন হলে ভালো, তবে কোনোভাবেই তা এপ্রিল মাস পেরিয়ে যাওয়া উচিত নয় বলে তিনি দাবি করেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, গত দেড় দশক ছিল বাংলাদেশের রাজনীতির জন্য এক দুঃসহ ও দমন-পীড়নের সময়কাল, যেখানে সাংবাদিকরাও নিপীড়নের শিকার হয়েছেন যদি তারা ক্ষমতাসীনদের স্বার্থে কলম না চালিয়ে থাকেন।