• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে মাঠে নামছে বিএনপি, লক্ষ্য নির্বাচনী প্রস্তুতি

দখিনের সময়
প্রকাশিত জুন ৫, ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ণ
ঈদে মাঠে নামছে বিএনপি, লক্ষ্য নির্বাচনী প্রস্তুতি
দখিনের সময় ডেস্ক:
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকতে নির্দেশনা দিয়েছে দলটির হাইকমান্ড। নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ এখনো ঘোষণা না হলেও, দলটি ঈদকে ‘নির্বাচনী প্রস্তুতির’ সুযোগ হিসেবে কাজে লাগাতে চায়। এমপি পদপ্রার্থী এবং জেলা-মহানগরের নেতাদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, কোরবানির অংশীদার হওয়া এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। ঈদ উদযাপনের পাশাপাশি নির্বাচনী প্রচারণা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূলে জনপ্রিয়তা বৃদ্ধির দিকেও নজর দিতে বলা হয়েছে নেতাদের।
দলটির অভিযোগ, আওয়ামী সরকারের শাসনামলে গত ১৫-১৬ বছর নেতাকর্মীরা শঙ্কামুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পারেননি। তবে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সরকারের পতনের পর এবার প্রথমবারের মতো মুক্ত পরিবেশে ঈদ করবে বিএনপি। দীর্ঘ সরকারি ছুটির এ সময়ে অধিকাংশ সিনিয়র নেতা নিজ নির্বাচনী এলাকায় গিয়ে কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। ঈদে নেতাকর্মীদের আচরণে যেন জনগণের আস্থা বাড়ে, সে লক্ষ্যে ‘সহনশীলতা ও জনসম্পৃক্ততা’ বজায় রাখতে নির্দেশ দিয়েছেন সিনিয়র নেতারা। রোডম্যাপ নিয়ে আপাতত দলটি সরব না থাকলেও ঈদের পর তা নিয়ে জোরালো অবস্থান নেওয়া হতে পারে।
এদিকে, দীর্ঘদিন পর গুলশানের বাসায় মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার বড় ছেলে তারেক রহমান ও পরিবার এবার যুক্তরাজ্যে ঈদ করবেন। সিনিয়র নেতারা ঈদের দিন জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং পরে বিভিন্ন এলাকায় ফিরে যাবেন। নেতাদের কেউ কেউ ইতিমধ্যেই ঈদের উপহারসামগ্রী বিতরণ শুরু করেছেন। ঈদপূর্ব কার্যক্রমের মাধ্যমে নেতারা কেন্দ্রে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন, এবং বিএনপির রাজনৈতিক বার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর কৌশল নিয়েই এবার ঈদে মাঠে থাকবে দলটি।