• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের হঠাৎ কেন ইউটার্ণ?

দখিনের সময়
প্রকাশিত জুন ১৯, ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ণ
জামায়াতের হঠাৎ কেন ইউটার্ণ?
দখিনের সময় ডেস্ক:
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকেই সংস্কার, বিচারসহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার বার্তাই দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমনকি নির্বাচন নিয়েও এ পর্যন্ত তেমন কঠোর কোনো বক্তব্য আসেনি তাদের পক্ষ থেকে। কিন্তু হঠাৎ করেই প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত। এমনকি ১৭ জুন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার প্রথম দিনেও অংশ নেয়নি জামায়াত।
যদিও ১৮ জুন আলোচনার দ্বিতীয় দিনে অংশ নিয়ে দলটি জানিয়েছে, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর যৌথ বিবৃতি ও যৌথ সংবাদ সম্মেলন ঘটনার “প্রতীকী প্রতিবাদ” হিসেবে তারা মঙ্গলবার(১৭ জুন) ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেয়নি। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে বলেন, একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করে প্রধান উপদেষ্টা যৌথ বিবৃতি দেওয়ায় দেশের অন্য রাজনৈতিক দলগুলো বিব্রত হয়েছে। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপির সঙ্গে বৈঠক নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও “জয়েন স্টেটমেন্ট এবং জয়েন প্রেস ব্রিফিং এখানেই আমাদের সমস্যা।”
এই ঘটনার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারিয়েছেন উল্লেখ করে মি. তাহের বলেন, “এভাবে চলতে থাকলে সংস্কার কমিশনও খুব বেশি অগ্রসর হতে পারবে না।” এছাড়া নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার সাম্প্রতিক এক বক্তব্যেরও সমালোচনা করেন জামায়াতের নায়েবে আমির।
জামায়াতে ইসলামীর এমন অবস্থানে এখন প্রশ্ন উঠেছে, তাহলে কি অন্তর্বর্তী সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে দলটির? রাজনৈতিক বিশ্লেষক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর গণমাধমকে বলছেন, ঐকমত্য কমিশনের বৈঠকে না যাওয়া এবং সংস্কারের আগে নির্বাচন ইস্যুতে জামায়াতের সাম্প্রতিক অবস্থান–– অন্তর্বর্তী সরকারের সঙ্গে কিছু ভিন্নমতেরই ঈঙ্গিত দেয়। তিনি বলেন, “একটা প্ল্যাটফর্মে রাজনৈতিক দলগুলো আমাদের দেশে তো কখনোই হয় নাই, সেক্ষেত্রে কিছু মতভেদ থাকতেই পারে। তবে মেজর দুইটা পার্টির মধ্যে দুরত্ব তৈরি হয়েছে। এই মুহূর্তে যার অবসান হলে জাতির জন্য কল্যাণ হতো।