• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের সঙ্গে বিএনপির ‘মধুর’ সম্পর্ক

দখিনের সময়
প্রকাশিত জুন ১৯, ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ণ
সরকারের সঙ্গে বিএনপির ‘মধুর’ সম্পর্ক

দখিনের সময় ডেস্ক:

ইউনূস সরকারের নিরপেক্ষতা নিয়ে ১৩ জুনের আগে প্রশ্ন তুলছিলেন বিএনপির অনেক সিনিয়র নেতা। ক্ষোভ জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের প্রতিও। ঈদুল আজহার আগেও নির্বাচনের রোডম্যাপ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথসহ কয়েকটি ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব প্রকাশ্যে এসেছিল।

জামায়াতের সঙ্গে কিছুটা মতভেদ তৈরি হলেও বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ। গত ২৮শে মে, ঢাকায় আয়োজিত তারুণ্যের সমাবেশ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের নির্দেশনাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঈদের আগে ৬ জুন জাতীর উদ্দেশে দেয়া ভাষণে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে নির্বাচনের ঘোষণায় ক্ষোভ বাড়ে বিএনপিতে। ওই ভাষণে ড. ইউনূস “শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম” করেছেন এবং একটি “বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়েছেন”- এমন অভিযোগ আনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। কিন্তু গত ১৩ই জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ও যৌথ বিবৃতিতে আগামী রোজার আগের নির্বাচন আয়োজনের সম্ভাবনা তৈরিতে দলটির সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেই মনে করেন বিশ্লেষকরা। এমনকি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর দলের স্থায়ী কমিটির সভায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয় এমন কিছু না করার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।