• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সংবিধান ছাড়া নির্বাচন নয়: হাসনাত আব্দুল্লাহ

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ণ
নতুন সংবিধান ছাড়া নির্বাচন নয়: হাসনাত আব্দুল্লাহ
দখিনের সময় ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচনের সময়সূচি নিয়ে এনসিপির কোনো আপত্তি নেই, তবে নির্বাচনের আগে অবশ্যই নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে ‘উঠানে রাজনীতি’ শীর্ষক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নির্বাচনের ডেডলাইন নিয়ে আমাদের আপত্তি নেই। প্রয়োজনে আগামীকালই নির্বাচন দিন। কিন্তু আমাদের একটি লিখিত নতুন সংবিধান চাই, যেখানে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।”
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে হাসনাত বলেন, ‘আপনি ঘোষণা দিন—খেলার নিয়ম বদলেছে। লিখিত আইনগত ভিত্তি দিয়ে নির্বাচন দিন। জনগণ যাকে ভোট দেবে, সে-ই নির্বাচিত হবে—এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু শুধু দারোয়ান বদল করে ভাঙা দরজা-জানালা ঠিক না করলে তা হবে না।’ তিনি আরও অভিযোগ করেন, অনেক উপদেষ্টা নানা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। বিদেশে মানুষ পাঠানোর লাইসেন্স দেওয়া থেকে শুরু করে ভাগ-বাটোয়ারা চলছে। আমরা দেশ সংস্কারের জন্য আশা করেছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করা হচ্ছে।
এনসিপি নেতা বলেন, যদি মনে করা হয় পশ্চিমা ভিসা কনফার্ম করে নিজের স্বার্থ ঠিক করে যেমন-তেমন নির্বাচন দিয়ে পালিয়ে যাওয়া যাবে, তবে ছাত্রজনতা কখনোই মাফ করবে না। এই দেশ হাজারো মানুষের রক্তে ভেজা। তাই শুধু মুখের কথায় নয়, আইনগত ভিত্তি দিয়েই নির্বাচন করতে হবে। বৈঠকে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, এহতেশাম হক, দেবিদ্বার উপজেলা আহ্বায়ক জামাল মোহাম্মদ কবীর, উপজেলা সার্চ কমিটির যুগ্ম সমন্বয়কারী জাহাঙ্গীর আলম প্রমুখ।