• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ গুরু জেমসের জন্মদিন

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৫, ১০:০০ পূর্বাহ্ণ
আজ গুরু জেমসের জন্মদিন
দখিনের সময় ডেস্ক:
বাংলা ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি ফারুক মাহফুজ আনাম জেমস—যাকে ভক্তরা স্নেহভরে ‘গুরু’ কিংবা ‘নগর বাউল’ বলে ডাকেন। ১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্ম হলেও শৈশব কেটেছে চট্টগ্রামে। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি অদম্য টান তাকে ঘর-সংসারের বাঁধন ছাড়িয়ে নিয়ে যায় এক নতুন পথে। পরিবারে বাধা পেলেও হাল ছাড়েননি তিনি, বরং আজিজ বোর্ডিং থেকে শুরু হয় তাঁর প্রকৃত সংগীতযাত্রা, যা একসময় পরিণত হয় কিংবদন্তির গল্পে।
আশির দশকে তিনি গড়ে তুললেন বিখ্যাত ব্যান্ড ‘ফিলিংস’। সেখান থেকেই শুরু হয় তার সৃজনশীল বিস্ফোরণ। প্রথম অ্যালবাম স্টেশন রোড আসে ১৯৮৭ সালে, আর মাত্র এক বছর পর অনন্যা অ্যালবাম তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। সেখান থেকে শুরু হয় তার অন্তহীন সাফল্যের অধ্যায়। নব্বইয়ের দশকে তরুণদের প্রতিদিনের প্লেলিস্টে বাজতে থাকে তাঁর গান— দুষ্টু ছেলের দল, তোমার দেখা নাই, এত কষ্ট, আমি তোর মনের মতো হতে পারলাম নারে, কিংবা জনতা এক্সপ্রেস। এই গানগুলো আজও সমান প্রাসঙ্গিক এবং প্রজন্মের পর প্রজন্ম ছুঁয়ে যাচ্ছে।
বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে জেমসের খ্যাতি পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনে। বলিউডে ভিগি ভিগি, চল চলে, আলবিদা, রিশতে গানগুলোও সাড়া ফেলে দিয়েছে। তবুও তার জন্মদিন কাটে সাদামাটা আয়োজনে—পরিবার ও কাছের মানুষদের নিয়ে। রহস্যময় এই তারকার জীবনযাপন যেমন সহজ-সরল, তেমনি ভক্তদের কাছে তার অবস্থান চিরঅমলিন। কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নেওয়া এই নগর বাউলের প্রতি জন্মদিনেই বিশ্বজুড়ে ভেসে আসে শুভেচ্ছার বন্যা।