• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের আমির নির্বাচন শুরু হতে যাচ্ছে ডিসেম্বরে

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ণ
জামায়াতের আমির নির্বাচন শুরু হতে যাচ্ছে ডিসেম্বরে
দখিনের সময় ডেস্ক:
আগামী ডিসেম্বরে জামায়তে ইসলামীর নতুন আমির নির্বাচনের আয়োজন করা হবে। সারাদেশের এক লাখের বেশি রুকন সদস্য গোপন প্রত্যক্ষ ভোটে অংশগ্রহণ করবেন। গঠনতান্ত্রিক বাধ্যবাধকতায় জাতীয় নির্বাচনের আগে এই ভোট কেন্দ্রীয় নেতৃত্বের কাঠামো বদলে দিতে পারে।
জামায়াতের সর্বোচ্চ নীতিনির্ধারণী পদ ‘আমির’। তিন বছরের মেয়াদের জন্য রুকন সদস্যদের ভোটে নির্বাচিত হন একজন আমির। নির্বাচিত আমির কেন্দ্রীয় মজলিসে শুরার পরামর্শক্রমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নেতাদের দায়িত্ব দেন। বর্তমানে দ্বিতীয়বারের মতো আমির পদে দায়িত্ব পালন করছেন ডা. শফিকুর রহমান, যাঁর মেয়াদ ডিসেম্বরেই শেষ হবে। দলটি আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রার্থী নির্ধারণ ও রাজপথে সক্রিয় হয়ে চলছে।
দলের অভ্যন্তরে ইতোমধ্যে দুটি সম্ভাব্য প্যানেল নিয়ে আলোচনা চলছে। প্রথম প্যানেলে আছেন বর্তমান আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির মুজিবুর রহমান এবং সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলাম। অন্য প্যানেলে এটিএম আজহারের জায়গায় রয়েছেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ২৫ ডিসেম্বরের আগে নির্বাচন সম্পন্ন হবে এবং নতুন আমিরের দায়িত্বে জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জও থাকছে।