• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী-কন্যার রাজনীতিতে আসা প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৫, ২০:১৯ অপরাহ্ণ
স্ত্রী-কন্যার রাজনীতিতে আসা প্রসঙ্গে যা বললেন তারেক রহমান
দখিনের সময় ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বিবিসি বাংলাকে দিয়েছেন এক দীর্ঘ ও আলোচিত সাক্ষাৎকার। সেখানে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, দেশে ফেরা এবং ভবিষ্যতের রাজনীতি নিয়ে খোলামেলা কথা বলেছেন। সোমবার (৬ অক্টোবর) সকালে বিবিসি বাংলা সাক্ষাৎকারটি প্রকাশ করে। আন্তর্জাতিক গণমাধ্যমটির বাংলা বিভাগের সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোলের সঙ্গে আলাপচারিতায় তারেক রহমান ইঙ্গিত দিয়েছেন, খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন।
সাক্ষাৎকারে বিএনপির পরবর্তী নেতৃত্ব, আসন্ন নির্বাচনে দলের কৌশল ও পরিবারের রাজনীতিতে সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পর খালেদা জিয়া, আর বর্তমানে তারেক রহমানই দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রশ্ন ওঠে—তার পর কে আসবেন, পরিবার থেকে কেউ নাকি দলের অন্য কেউ? উত্তরে তারেক বলেন, “রাজনীতি পরিবারকেন্দ্রিক নয়, এটি যোগ্যতা ও জনসমর্থনের ভিত্তিতে টিকে থাকে। যে সংগঠনকে ঐক্যবদ্ধ করে সামনে নিতে পারবে, সেও নেতৃত্বে থাকবে।” তিনি আরও বলেন, রাজনীতিতে যারা কাজ করেন তারা নানা রকম নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হন—আমি নিজেও তার ব্যতিক্রম নই।
তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের রাজনীতিতে আসা নিয়ে প্রশ্ন তুললে তিনি কৌশলীভাবে উত্তর দেন, “সময়ই সব বলে দেবে।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্তব্যের মধ্য দিয়েই তারেক রহমান ভবিষ্যতের বিএনপি নেতৃত্বে পারিবারিক ভূমিকার ইঙ্গিত রেখেছেন। দীর্ঘ এই সাক্ষাৎকারে তাঁর বক্তব্যে ফুটে উঠেছে একদিকে ব্যক্তিগত অভিজ্ঞতার তীব্রতা, অন্যদিকে রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি ও প্রত্যাবর্তনের ইচ্ছা—যা আবারও তাঁকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে এনেছে।