• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা জোরদারে বিএনপির বুলেটপ্রুফ গাড়ি

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৫, ১৭:৩১ অপরাহ্ণ
নিরাপত্তা জোরদারে বিএনপির বুলেটপ্রুফ গাড়ি
দখিনের সমসয় ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি তাদের শীর্ষ দুই নেতার—চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের—নিরাপত্তা নিশ্চিত করতে একটি বুলেটপ্রুফ গাড়ি এবং একটি বুলেটপ্রুফ মিনি বাস কেনার অনুমতি পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এরই মধ্যে একটি গাড়ির অনুমতি জুন মাসে এবং একটি বাসের অনুমতি চলতি অক্টোবরের শুরুতে দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গাড়িগুলো জাপান থেকে আনার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর জানান, খালেদা জিয়া ও তারেক রহমান দেশব্যাপী নির্বাচনী প্রচারে অংশ নেবেন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হবেন। এ সময় তাঁদের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—যা বিবেচনায় নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রচারে অংশগ্রহণের সময় তাঁদের ওপর প্রতিপক্ষের হামলার আশঙ্কা রয়েছে। সেই প্রেক্ষাপটে তাঁদের বহুমাত্রিক নিরাপত্তা হুমকির কথা উল্লেখ করে বুলেটপ্রুফ গাড়ির অনাপত্তি দেওয়া হয়েছে। একইসঙ্গে একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের জন্যও আবেদন করেছে বিএনপি, যা এখনো বিবেচনাধীন রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রাজনৈতিক দলের জন্য এ ধরনের অনুমতি সাধারণত বিরল। অতীতে শুধু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিদেশি মিশনের ক্ষেত্রেই বুলেটপ্রুফ গাড়ির অনুমতি দেওয়া হয়েছে। বারভিডা সূত্রে জানা যায়, এ ধরনের একটি গাড়ির আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ডলার এবং শুল্কসহ আনুমানিক খরচ পড়ে প্রায় ২২ কোটি টাকা। খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তাব্যবস্থা ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স’ (সিএসএফ) ছাড়াও সরকারি প্রটোকল ব্যবস্থাও সক্রিয় থাকবে, যা তাঁর ভ্রমণ ও প্রচার কাজে অতিরিক্ত সুরক্ষা দেবে।