• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের আশ্বাসে শিক্ষক নেতাদের সন্তুষ্টি

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৫, ১৮:১৯ অপরাহ্ণ
শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের আশ্বাসে শিক্ষক নেতাদের সন্তুষ্টি
দখিনের সমসয় ডেস্ক:
বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হবে—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয়করণ আন্দোলন ঐক্য জোটের শিক্ষক নেতারা। রোববার (১৯ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঘণ্টাব্যাপী এক বৈঠক শেষে তারা এ প্রতিক্রিয়া জানান।
বৈঠকে সংগঠনের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজীজি জানান, বিএনপি মহাসচিব তাঁদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং জাতীয়করণ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। আলোচনায় অর্থ উপদেষ্টার সঙ্গেও ফোনে কথা হয়, যেখানে শিক্ষকদের আর্থিক প্রস্তাব ও সম্ভাব্য বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধি দল আপাতত ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রস্তাব দেয় এবং জানায়, বাকি দাবিগুলো পরবর্তীতে বিবেচনায় আনা যেতে পারে।
আজীজি বলেন, বিএনপির মহাসচিব শুধু আশ্বাসই দেননি, বরং বাস্তবায়নের প্রতিও মনোযোগী হয়েছেন—এতে শিক্ষক সমাজ নতুন প্রেরণা পেয়েছে। রাজনৈতিক ঐক্যের মাধ্যমে সরকারকে চাপ প্রয়োগ এবং জাতীয়করণ দাবি আদায়ে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তিনি।