• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচনের দাবিতে ইসির কাছে বিএনপির ৩৬ দফা প্রস্তাব

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৫, ১৮:২৮ অপরাহ্ণ
সুষ্ঠু নির্বাচনের দাবিতে ইসির কাছে বিএনপির ৩৬ দফা প্রস্তাব
দখিনের সময় ডেস্ক:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ৩৬ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই প্রস্তাব তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি জানান, বিএনপি ও ইসি উভয় পক্ষই নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে একমত হয়েছে এবং কমিশনকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
বৈঠকে বিএনপি প্রশাসনকে নিরপেক্ষ রাখার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের পুনর্বিন্যাস, বিতর্কিত ব্যক্তিদের অপসারণ এবং সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ইসির সরাসরি নিয়ন্ত্রণে আনার দাবি তোলে। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে সিসি ক্যামেরা স্থাপন, অভিযোগ নিষ্পত্তি কেন্দ্র চালু, অস্ত্র উদ্ধার, নকল টাকা ও কালো টাকার প্রবাহ বন্ধসহ ভোটকেন্দ্রে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেওয়া হয়। বিএনপি নেতারা আরও বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে জড়িত কর্মকর্তাদের দায়িত্ব না দেওয়ার দাবি জানানোর পাশাপাশি ভোটারদের নিরাপত্তা, ভোটাধিকার প্রয়োগে বাধামুক্ত পরিবেশ এবং সমান সুযোগ তৈরির ওপর জোর দেওয়া হয়েছে।
ড. মঈন খান বলেন, প্রশাসন দীর্ঘদিন ধরে দলীয়করণের শিকার। তাই এবার নিরপেক্ষতা নিশ্চিত না হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন সংবিধান ও আইনের প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে। বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, ইসি যদি সকল দলের আস্থা অর্জন করতে পারে, তবে আসন্ন নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে উঠবে।