• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৫, ১৭:১০ অপরাহ্ণ
সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের
দখিনের সময় ডেস্ক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব রাজনৈতিক দলকে গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশ প্রকৃত গণতান্ত্রিক পথে অগ্রসর হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। এ সময় তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও ২০ হাজারেরও বেশি কর্মীকে গুম-খুনের শিকার হতে হয়েছে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনা একদলীয় শাসন ব্যবস্থার পথে হেঁটে সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণে রেখেছিলেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম উল্লেখ করেন, অতীতের ভয়ভীতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে গণমাধ্যমকে এখন সত্য প্রকাশের দায়িত্ব নিতে হবে। বক্তারা মনে করেন, রাজনৈতিক সহিংসতা নয়—গণতান্ত্রিক প্রক্রিয়াই হতে হবে বাংলাদেশের এগিয়ে যাওয়ার একমাত্র পথ।