• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লগি-বৈঠা আন্দোলনের ডাকে সংযম ও সহনশীলতার আহ্বান আমীর খসরুর

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৫, ১৮:২৯ অপরাহ্ণ
লগি-বৈঠা আন্দোলনের ডাকে সংযম ও সহনশীলতার আহ্বান আমীর খসরুর
দখিনের সময় ডেস্ক:
নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের ২৮ অক্টোবর ঘোষিত লগি-বৈঠা আন্দোলন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশে যখন গণতন্ত্র বিদ্যমান, তখন দাবি-দাওয়া নিয়ে জনগণের কাছে যাওয়া উত্তম—রাস্তায় বিশৃঙ্খলা নয়।
সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত “ইকোনমিক রিফর্ম সামিট–২০২৫”-এর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, “বাংলাদেশের রাজনীতিতে সহনশীলতা ফিরিয়ে আনতে না পারলে শত সংস্কার করেও কোনো পরিবর্তন আসবে না। মতের ভিন্নতা থাকলেও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে—এটাই গণতন্ত্রের মূলভিত্তি।”
তিনি আরও বলেন, “দাবি-দাওয়া থাকলে তা জনগণের সামনে তুলতে হবে, বিশৃঙ্খলা সৃষ্টি করে নয়। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে এসে আলোচনা করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াই স্থিতিশীলতা ও উন্নয়নের একমাত্র পথ।” অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে নাগরিক কোয়ালিশন, ইনোভেশন, ফিনটেক সোসাইটি, বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্ম, সহযোগিতায় ছিল অ্যাকশনএইড ও বিডিজবস ডটকম।