• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের সঙ্গে সাক্কুর একান্ত বৈঠক

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৫, ২১:৫২ অপরাহ্ণ
মির্জা ফখরুলের সঙ্গে সাক্কুর একান্ত বৈঠক
দখিনের সময় ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একান্ত বৈঠক নিয়ে কুমিল্লা নগরজুড়ে আলোচনা মধ্যে মুখ খুললেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। সম্প্রতি রাজধানীর গুলশানে বিএনপি মহাসচিবের বাসায় ওই সাক্ষাৎ নিয়ে মনিরুল হক সাক্কু বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কারণেই আমাকে বহিষ্কার করা হয়েছে। এখন দল যদি চায় আমি যেকোনো সময় ফিরতে প্রস্তুত। আমি বিএনপি এবং শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী।
মনিরুল হক সাক্কু আরও বলেন, আমি বিএনপি থেকে বহিষ্কৃত। তাই রোববার (২৬ অক্টোবর) মহাসচিব আলাদাভাবে আমাকে ডেকে বৈঠক করেছেন। যদি পার্টিতে থাকতাম, তবে তো গুলশান অফিসেই ডাক পেতাম। আমি বহিষ্কৃত হলেও দলের সব কর্মসূচি পালন করি। আগামী নির্বাচনে অংশ নেওয়ার লক্ষে আমি মাঠে কাজ করছি।
মনিরুল হক সাক্কু বলেন, আমি মেয়র নির্বাচন করতে গিয়ে দুবার বহিষ্কার হয়েছি। জনগণের ভোটে দুবার মেয়র নির্বাচিত হয়েছি। প্রথমবার ২০১২ সালে মেয়র নির্বাচন করব জানাতে ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে দেখা করি। তিনি বলেছিলেন, দলের সিদ্ধান্তের বাইরে গেলে তুমি অব্যাহতি নাও। আমি মেয়র নির্বাচিত হই, পরে দলে আমাকে ফিরিয়ে নেওয়া হয়। ২০২২ সালের মেয়র নির্বাচনের আগে রিজভী আহমেদ (জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী) আমাকে দলের সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আমি তখনও বলেছি, আমি দুবারের নির্বাচিত মেয়র। আমি জনগণকে ছেড়ে দিলে তারা কোথায় যাবে? তারা আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমাকে বহিষ্কার করলেও নির্বাচন করতে হবে, জনগণের পাশে থাকতে হবে। তাদের একমাত্র আশ্রয়স্থল আমি।
মনিরুল হক সাক্কু আরও বলেন, আমি সব সময় বলে আসছি, মেয়র স্থানীয় সরকার নির্বাচন। এটা জাতীয় নির্বাচন নয়। জাতীয় নির্বাচন হলে আমি বেইমান হতাম। স্থানীয় সরকার নির্বাচনে আমি মেয়র পাশ করলেও আওয়ামী লীগ ক্ষমতায় যেত, ফেল করলেও যেত। আওয়ামী লীগের সময় সাহস নিয়ে বিএনপির কেউ নির্বাচন করতে এগিয়ে আসেনি। আমি লড়াই করেছি।