• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তথাকথিত ঐক্যমত্য কমিশনের সনদ প্রত্যাখ্যান করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ১, ২০২৫, ১৭:০৬ অপরাহ্ণ
তথাকথিত ঐক্যমত্য কমিশনের সনদ প্রত্যাখ্যান করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব
দখিনের সময় ডেস্ক:
তথাকথিত ঐক্যমত্য কমিশনের প্রদত্ত সনদকে অবৈধ ও জনবিচ্ছিন্ন বলে প্রত্যাখ্যান করেছে মানবতার রাজনীতিনির্ভর দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। সংগঠনটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এক বিবৃতিতে বলেন, জনগণের অনুমোদন ছাড়া কিছু অনির্বাচিত ব্যক্তির এমন সনদ কোনোভাবেই বৈধ নয়। এসব সনদের আইনগত ও সাংবিধানিক ভিত্তি নেই বলেও তিনি মন্তব্য করেন।
আল্লামা ইমাম হায়াত বলেন, “কিছু অজনপ্রিয় ও অনির্বাচিত ব্যক্তির তৈরি এই সনদ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পারে না। রাষ্ট্র ও জনগণের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অধিকার কারও নেই। এমন প্রয়াস আসলে নব্য স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদেরই প্রতিফলন।” তিনি আরও বলেন, কথিত ‘জুলাই সনদ’ সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর, কারণ জুলাই আন্দোলন কোনো ব্যক্তিস্বার্থে বা স্বৈরশাসন প্রতিষ্ঠার জন্য হয়নি—বরং তা ছিল গণতন্ত্র, স্বাধীনতা ও নাগরিক নিরাপত্তার দাবিতে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন।
তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন অন্তর্বর্তীচক্র সেই আন্দোলনের চেতনাকে ধ্বংস করে দেশে নতুনভাবে স্বৈরতন্ত্র, দমননীতি, অন্যায় গ্রেপ্তার, রাজনৈতিক নিপীড়ন, মিথ্যা মামলা, রাষ্ট্রীয় সন্ত্রাস ও বাকস্বাধীনতা হরণের পরিবেশ সৃষ্টি করেছে। ইমাম হায়াত দৃঢ়ভাবে বলেন, “গণভোটের নামে প্রহসনের মধ্য দিয়ে এই তথাকথিত সনদ জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। জনগণ ইতিমধ্যেই এসব মিথ্যা ও অগণতান্ত্রিক উদ্যোগ বর্জন করেছে, এবং ইতিহাসও একে স্বৈরাচারী রাজনীতির পরিত্যক্ত আবর্জনা হিসেবেই গণ্য করবে।”