• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের প্রতি আহ্বান মির্জা ফখরুলের

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ১, ২০২৫, ১৭:২৮ অপরাহ্ণ
হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের প্রতি আহ্বান মির্জা ফখরুলের
দখিনের সময় ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে তাকে আইনের মুখোমুখি করতে হবে। শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না, জনগণ তা মেনে নেবে না। শেখ হাসিনাকে ফেরত দিন এবং তাকে বিচারের মুখোমুখি করুন।”
মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের ইতিহাস বিকৃত করার ষড়যন্ত্র চলছে। কিছু গোষ্ঠী কেবল জুলাই আন্দোলনকে বড় করে তুলে ধরতে চায়, অথচ বিএনপি গত ১৫ বছর ধরে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছে। তিনি বলেন, “আমাদের ইলিয়াস আলীসহ বহু নেতাকর্মীকে গুম ও হত্যা করা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে একটি দানবীয় স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, যার বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে গেছি।”
তিনি আরও বলেন, বিএনপি সবসময় নির্বাচনের পক্ষে এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানে বিশ্বাসী। তবে কিছু গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করছে ও নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ফখরুল বলেন, “জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হবে—এটি ইতোমধ্যে ঘোষণা হয়েছে। আমরা বলেছি, নির্বাচনের দিনই গণভোট নিলে ব্যয় কমবে এবং জনগণের অংশগ্রহণও বাড়বে। কিন্তু এখন কিছু শক্তি অপপ্রচার চালিয়ে বিভাজন সৃষ্টি করতে চাইছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।”