• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যা

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ১, ২০২৫, ১৭:৪১ অপরাহ্ণ
জমি নিয়ে বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যা
দখিনের সময় ডেস্ক:
নরসিংদীর রায়পুরা উপজেলায় জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা ও চাচাতো ভাইবোনদের বিরুদ্ধে। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল দুই পরিবারের মধ্যে। ঘটনার দিন সকালে কথা কাটাকাটির পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপুর ১২টার দিকে আউয়াল, তার ছেলে শিপন ও রিপন, মেয়ে শাহানা, আজিনা, আছমা ও সুমাইয়াসহ প্রায় ১০–১২ জন দা ও লাঠি নিয়ে ফুরা মিয়াদের বাড়িতে হামলা চালায়। এ সময় ফুরা মিয়া (৪০), তার ভাই শাকিল মিয়া (৩০) এবং পরিবারের সদস্যরা বাধা দিলে হামলাকারীরা তাদের ওপর হামলা করে। এতে দুই ভাইসহ চারজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফুরা মিয়া ও শাকিল মিয়াকে মৃত ঘোষণা করেন। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশান আরা বলেন, “দুপুরে আহতদের হাসপাতালে আনা হলে আমরা দুজনকে মৃত ঘোষণা করি।” রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।