• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধান্ত নিতে পারছে না বিএনপি, লক্ষ্য আগস্টের মধ্যেই কমিটি ঘোষণা

দখিনের সময়
প্রকাশিত জুন ১৯, ২০২১, ০৬:৫৪ পূর্বাহ্ণ
সিদ্ধান্ত নিতে পারছে না বিএনপি, লক্ষ্য আগস্টের মধ্যেই কমিটি ঘোষণা

দখিনের সময় ডেস্ক:

ঢাকা মহানগর কমিটি ঢেলে সাজানো নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে বিএনপি। শক্তিশালী করতে ঢাকা মহানগর কমিটি ঢেলে সাজানো হচ্ছে- এ আলোচনা বিএনপিতে গত দুবছর ধরেই চলে আসছে। পর্যায়ক্রমে নির্বাচনকালীন ভোট কেন্দ্রভিত্তিক, ওয়ার্ড এবং থানা কমিটি গঠনের মধ্য দিয়ে এ কাজটি করার এক ধরনের নীতিগত সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্ব নিয়ে রেখেছেন। কিন্তু বর্তমান মহানগর কমিটির শীর্ষ নেতাদের রেখে, নাকি তাদের বাদ দিয়ে নতুন নেতৃত্বে হবে- এ ব্যাপারে বারবার সিদ্ধান্তহীনতায় ভুগছেন দলটির শীর্ষ নেতৃত্ব।

সাংগঠনিকভাবে ঢাকা মহানগর কমিটিকে শক্তিশালী করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের বিভিন্ন পর্যায় থেকে নানা প্রস্তাব ও পরামর্শ দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেও ঢাকা মহানগর কমিটি বিষয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তবে এ কমিটি গঠন বিষয়ে কাজের চেয়ে আলোচনাই বেশি হচ্ছে। যার কারণে দিন দিন জটিলতাই বেড়েছে। এ অবস্থায় আবার মহানগরের শীর্ষ পদ পেতে যারা লবিং করছেন তাদের যোগ্যতা ও বিএনপির রাজনীতিতে তার বয়স বিবেচনায় নীতিনির্ধারকরাও বিব্রত হচ্ছেন। ওই নেতা আরও বলেন, যে যা-ই বলুক, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেও হিসাব-নিকাশ কষছেন। হিসাব-নিকাশ মিলে গেলেই মহানগর কমিটির বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্ধান্ত দেবেন।

দলের গুরুত্বপূর্ণ এক নেতা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথায় মনে হয়েছে, তিনি আগস্টের মধ্যেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করতে চান। সে ক্ষেত্রে এমন কাউকে তিনি আহ্বায়ক বা সভাপতি করতে চান, যেখানে সাধারণ সম্পাদক অথবা সদস্য সচিবের মধ্যে কোনো দ্বন্দ্ব হওয়ার সুযোগ না থাকে। এ ক্ষেত্রে আগে সভাপতি অথবা আহ্বায়ক ঠিক করে তার সঙ্গে কথা বলেই কেবল সাধারণ সম্পাদক অথবা সদস্য সচিব করা হতে পারে।

গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের আগেও মহানগর কমিটি গঠন নিয়ে দলের মধ্যে তোড়জোড় শুরু হয়েছিলো। আর ভোটের দিন ধানের শীষের পোলিং এজেন্টরা ভোট কেন্দ্রে অনুপাস্থিত থাকায় কমিটি গঠনের বিষয়টি আরও গুরুত্ব পায়। কিন্তু করোনাসহ নানা কারণে গত বছরের ডিসেম্বরের পর সেই আলোচনায় ভাটা পড়ে। আবারও গত কয়েক দিন ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি নিয়ে কয়েক নেতার সঙ্গে কথা বললে বিষয়টি নতুন করে আলোচনায় উঠে আসে।

তবে খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের পর গত বছর দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু উভয় কমিটির একটি খসড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পাঠিয়েছেন। তারও আগে সিটি নির্বাচনের পরপর দলের স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বরচন্দ্র রায় দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে ‘ভোট কেন্দ্রভিত্তিক’ কমিটি করার পর পর্যায়ক্রমে ওয়ার্ড, থানা এবং মহানগর কমিটি করার প্রস্তাব দিয়েছিলেন। এর পর গত ডিসেম্বরে দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিএনপির কমিটি গঠন বিষয়ে অনানুষ্ঠানিকভাবে মতামত নেন।

মহানগর বিএনপিকে দুই ভাগ করে সর্বশেষ কমিটি গঠন করা হয় ২০১৭ সালের ১৮ এপ্রিল। দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে দক্ষিণের সভাপতি, কাজী আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে ৭০ সদস্যের আংশিক এবং উত্তরে এমএ কাইয়ুমকে সভাপতি, আহসান উল্লাহ হাসানকে (প্রয়াত) সাধারণ সম্পাদক করে ৬৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। তবে উভয় কমিটিই আংশিক অবস্থায় মেয়াদ শেষ হয়ে গেছে।