• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের প্রত্যাবর্তন কর্মসূচির বিস্তারিত জানাল বিএনপি

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫, ১৭:৫৪ অপরাহ্ণ
তারেক রহমানের প্রত্যাবর্তন কর্মসূচির বিস্তারিত জানাল বিএনপি
দখিনের সময় ডেস্ক:
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নির্ধারিত কর্মসূচির বিস্তারিত জানিয়েছে দলটি।
বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ জানান, দেশে পৌঁছে তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন তার অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে। তিনি বলেন, জনদুর্ভোগ এড়ানোই তারেক রহমানের প্রধান নির্দেশনা। সে কারণেই লন্ডনের হিথ্রো বিমানবন্দর ও ঢাকায় নেতাকর্মীদের ভিড় না করতে দলীয়ভাবে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। একই লক্ষ্য সামনে রেখে সরকারি ছুটির দিনকেই প্রত্যাবর্তনের সময় হিসেবে বেছে নেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, তারেক রহমান বিমানবন্দর থেকে হাসপাতালে যাওয়ার পথে সংক্ষিপ্তভাবে নেতাকর্মী ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এটি কোনো জনসভা বা প্রচলিত সংবর্ধনা নয় এবং তিনি ছাড়া অন্য কেউ বক্তব্য দেবেন না। আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) তিনি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন এবং পরদিন বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে প্রয়াত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং কর্মসূচিগুলো শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে দল সর্বোচ্চ সতর্ক রয়েছে।