দখিনের সময় ডেস্ক:
সবাইকে একসঙ্গে কাজ করে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সম্মিলিত প্রয়াসেই একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ গড়া সম্ভব।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে এবং নিশ্চিন্তে ঘরে ফিরতে পারে। ১৯৭১ সালে যেমন জনগণ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছিল, তেমনি ২০২৪ সালেও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তারেক রহমান বলেন, জনগণ তাদের মত প্রকাশের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়।
বক্তব্যে তিনি বলেন, পাহাড়-সমতল, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ রাষ্ট্র গড়াই লক্ষ্য। শহীদ শরিফ ওসমান হাদির প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করাই ছিল হাদির স্বপ্ন। ১৯৭১ ও ২০২৪ সালের শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে। তরুণ প্রজন্মের ওপর আস্থা রেখে তিনি বলেন, গণতান্ত্রিক ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়ানো বাংলাদেশই আগামী দিনের পথচলা নিশ্চিত করবে।