• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের রাজনৈতিক ভূমিকা পর্যবেক্ষণ করবে জামায়াত

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৫, ১৯:৫২ অপরাহ্ণ
তারেক রহমানের রাজনৈতিক ভূমিকা পর্যবেক্ষণ করবে জামায়াত
দখিনের সময় ডেস্ক:
দীর্ঘ প্রবাসজীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা জাতীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তার এই প্রত্যাবর্তনকে ইতিবাচক হিসেবে দেখলেও ভবিষ্যৎ ভূমিকা সতর্কভাবে পর্যবেক্ষণ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বিবিসি বাংলাকে বলেন, প্রায় ১৭ বছর পর একজন রাজনৈতিক নেতার সরাসরি রাজনীতির মাঠে ফেরা অবশ্যই গুরুত্বপূর্ণ ঘটনা। তবে তিনি জানান, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্য গঠনে তারেক রহমান কী ভূমিকা রাখেন, তার রাজনৈতিক পরিকল্পনা কী এবং সেগুলো কীভাবে বাস্তবায়ন করবেন—এসব বিষয়েই জামায়াত নজর রাখবে। একই মত প্রকাশ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, তারেক রহমানের ভবিষ্যৎ অবস্থান অনেকটাই নির্ভর করবে তার বাস্তব ভূমিকার ওপর।
এর আগে বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। বিমানবন্দর থেকে সড়কপথে তিনি রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেন। সেখানে বক্তব্যে তিনি জনগণের উদ্দেশে বলেন, উসকানি বা প্রতিকূলতার মুখেও ধীর ও শান্ত থাকতে হবে। মার্টিন লুথার কিং-এর ‘আই হ্যাভ এ ড্রিম’-এর সঙ্গে মিল রেখে তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তার একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তার এই প্রত্যাবর্তন বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।