ভারমুক্ত হলেন তারেক রহমান, উত্তরাঞ্চলের সফর স্থগিত
দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
তারেক রহমান ভারমুক্ত হলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এদিতে তার উত্তরাঞ্চলের সফর স্থগিত করা হয়েছে।
সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ পরিপ্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। এবং তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ উত্তরবঙ্গে পূর্বনির্ধারিত বেশ কিছু কর্মসূচিতে যাওয়ার কথা ছিল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা আসায় আপাতত এই গুরুত্বপূর্ণ সফরটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দল। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।