তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৬, ১৮:৫৮ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ভারতীয় হাইকমিশনার কার্যালয়ে প্রবেশের পর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আন্তর্জাতিকবিষয়ক যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এর আগে একই দিনে তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ড. ইভারস আইজাবসেরও সৌজন্য সাক্ষাৎ হয়। ওই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।