দীর্ঘ প্রায় দুই দশক পর আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি সেখানে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। বিকেল ৩টা ৪৫ মিনিটে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে তার সফর শুরু হবে। এরপর বিকাল সাড়ে ৪টায় রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এ জনসভাকে ঘিরে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। গতকাল বৃহস্পতিবার রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও সংবাদ সম্মেলন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব। সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রায় ২০ বছর পর তারেক রহমানের রংপুরে আগমন বিভাগজুড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি করেছে। তিনি আশা প্রকাশ করেন, এই জনসভা রংপুরের রাজনৈতিক ও উন্নয়ন অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে। সমাবেশে রংপুর বিভাগের ৩১টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পাশাপাশি বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি থাকবে বলেও জানান তিনি।
নেতারা আরও জানান, তারেক রহমানের কাছে রংপুর বিভাগের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্প ও গ্যাস সংযোগ, শিক্ষা-চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নসহ একাধিক উন্নয়ন দাবি তুলে ধরা হবে। এদিকে জনসভাকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রংপুর মহানগর পুলিশ জানিয়েছে, ভিআইপি নিরাপত্তাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।