এই পৃথিবীতে মানবজাতির সৃষ্টির সূচনা থেকে আজ পর্যন্ত মহান আল্লাহ আমাদের কল্যাণের জন্য অসংখ্য নিয়ামত দান করেছেন। কিন্তু সেই অসংখ্য নিয়ামতের মধ্যে শারীরিক সুস্থতা যে কত বড় একটি নিয়ামত, তা একজন অসুস্থ ও রোগাক্রান্ত মানুষই সবচেয়ে গভীরভাবে উপলব্ধি করতে পারেন। আমরা যারা সুস্থভাবে চলাফেরা করি, স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করি, হাসি, কথা বলি এবং প্রতিদিনের কাজ সম্পন্ন করি, তারা অনেক সময় বুঝতেই পারি না—এই স্বাভাবিক জীবনযাপন কত বড় রহমত। অথচ একজন অসুস্থ মানুষ যখন বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতর হন, সামান্য খাবার গ্রহণ করতে পারেন না, কিংবা নিজের দৈনন্দিন কাজটুকুও অন্যের সাহায্য ছাড়া করতে পারেন না, তখনই উপলব্ধি করেন সুস্থতা মহান আল্লাহর কত মূল্যবান উপহার।
সুস্থতা এমন এক নিয়ামত, যার প্রকৃত মূল্য অনেক সময় অসুস্থতার মধ্য দিয়েই অনুভব করা যায়। একবার হাসপাতালের অসহায় ও রোগাক্রান্ত মানুষগুলোর দিকে তাকিয়ে দেখুন। কারও চোখে যন্ত্রণার অশ্রু, কারও মনে সুস্থ হয়ে বাড়ি ফেরার আকুতি, আবার কেউ মহান আল্লাহর কাছে প্রতিটি মুহূর্তে আরোগ্য প্রার্থনা করছেন। তখন উপলব্ধি করা যায়, আমাদের প্রতিদিনের স্বাভাবিক জীবনও মহান স্রষ্টার অসীম রহমত ও অনুগ্রহের বহিঃপ্রকাশ।
আজ আমি নিজেও ব্যক্তিগতভাবে কয়েক দিন অসুস্থ থাকার মধ্য দিয়ে উপলব্ধি করেছি, সত্যিই শারীরিক সুস্থতা মহান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। অসুস্থতার এই কয়েকটি দিন আমাকে নতুন করে শিখিয়েছে, মানুষের অর্থ, সম্পদ, ক্ষমতা কিংবা সামাজিক মর্যাদা থাকলেও শারীরিক সুস্থতার বিকল্প কিছুই হতে পারে না। মহান আল্লাহর রহমত ও করুণা ছাড়া আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত কতটা কঠিন, তা অসুস্থতার সময় আরও গভীরভাবে অনুভব করা যায়। চিকিৎসক, ওষুধ ও চিকিৎসাব্যবস্থা আমাদের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে একজন মুমিনের বিশ্বাস, আরোগ্য ও শিফা মহান আল্লাহর পক্ষ থেকেই আসে। তাই চিকিৎসা গ্রহণের পাশাপাশি মহান আল্লাহর কাছে সুস্থতা ও আরোগ্য প্রার্থনা করাই আমাদের কর্তব্য।
মহান আল্লাহর কাছে আমার আকুল প্রার্থনা, হে মহান আল্লাহ, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের পালনকর্তা। তোমার অসীম রহমত ও করুণা ছাড়া আমাদের কোনো অস্তিত্বই পূর্ণতা পায় না। হে পরম করুণাময়, তুমি আমাকে তোমার শ্রেষ্ঠ নিয়ামত শারীরিক সুস্থতা দান করো। আমার সকল অসুস্থতা, কষ্ট ও দুর্বলতা দূর করে দাও। আমাকে সুস্থ, সবল ও নেক হায়াত দান করো। আমার পরিবার-পরিজনসহ পৃথিবীর সকল অসুস্থ ও রোগাক্রান্ত মানুষকে দ্রুত পরিপূর্ণ শিফা দান করো। আমরা যেন কখনো তোমার দেওয়া সুস্থতা, জীবন ও অসংখ্য নিয়ামতের কথা ভুলে না যাই। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি মুহূর্তে যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি।
সবশেষে, সকলের কাছে আমার বিনীত অনুরোধ, এক অপরের সুস্থতার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন সবাইকে সবাইকে সুস্থ, সুন্দর ও নিরাপদে রাখেন। মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, তাঁর নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন।