• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শের-ই-বাংলা মেডিকেল এখন ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাজেহাল এলাকাবাসী

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২০, ০৩:১৯ পূর্বাহ্ণ
শের-ই-বাংলা মেডিকেল এখন ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাজেহাল এলাকাবাসী
স্টাফ রিপোর্টার:
অনেকটা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও এর আশপাশ। প্রায় সাড়ে চার মাস ধরে ঠিকঠাক অপসারণ হচ্ছে না বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালের বর্জ্য। ময়লা আবর্জনা ছড়িয়ে পড়ছে আশপাসের এলাকায়। এ অবস্থায় দুর্গন্ধে নাজেহাল মানুষ।
বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনের দৃশ্য দেখলে মনে হবে এটি ময়লার ডাম্পিং স্টেশন। স্বাস্থ্য ঝুঁকিতে আছে রোগী ও তাদের স্বজনদের পাশাপাশি স্বাস্থ্য কর্মীরাও। বরিশাল শেবাচিম হাসপাতালের ইনডোর ডক্টরর্স এসোসিয়েশন সভাপতি ডাক্তার সুদীপ কুমার হালদার বলেন, ডাক্তার, নার্স এখানে আসা রোগী সকলেই স্বাস্থ্যগত ঝুঁকির মাঝে আছে।কিন্তু আমাদের কিছু করার নাই। আমরা অসহায়।
করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে সিটি করপোরেশন আবর্জনা অপসারণ করছে না বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের। বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডাক্তার বাকির হোসেন বলেন, সিটি কর্পোরেশন সব সময় এই ময়লাগুলো নিতো। কিন্তু তারা এপ্রিল থেকে আর নিচ্ছে না। যার ফলে এগুলো বড় বড় মাটির গর্ত করে ভরাট করে রাখছি। এখন আর কোন জায়গা নাই।
সিটি করপোরেশন বলছে, পরিচ্ছন্নকর্মীর দ্বারা নগরজুড়ে করোনা ছড়িয়ে পড়ার শঙ্কায় হাসপাতালের বর্জ্য অপসারণ বন্ধ রাখা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন পরিচ্ছন্ন কর্মকর্তা রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, এই করোনা ইউনিটের বর্জ্য এবং মেডিক্যাল বর্জ্য যদি নেই তবে নগরীর মানুষ এটার মাধ্যমে করোনা আক্রান্ত হতে পারে। যার কারণে আমরা এগুলো সরাচ্ছি না। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় আধা টন বর্জ্য জমা হয়।