• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের মল থেকে তৈরি হবে সার, চুক্তি স্বাক্ষর

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২০, ২২:৫১ অপরাহ্ণ
মানুষের মল থেকে তৈরি হবে সার, চুক্তি স্বাক্ষর

দখিনের সময় ডেস্ক ॥

দেশে প্রথমবারের মতো মানুষের মল থেকে প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে কম্পোস্ট সার তৈরি করতে যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। এই সার তৈরি ও বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে গাজীপুর সিটি করপোরেশনের সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম ও ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টারন্যাশনাল ফাইনেন্সিয়্যাল করপোরেশনের (আইএফসি) পক্ষে মি. ফারহান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজলসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় সিটি মেয়র জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, নগরীর ৪০ লক্ষাধিক মানুষের মল-বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে সরকার সিটি কর্পোরেশনকে একটি প্রকল্প দিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মানুষের মল থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে কম্পোস্ট সার তৈরি হবে। প্রাথমিকভাবে আইএফসির সঙ্গে আমাদের সাত শ কোটি টাকার চুক্তি হয়েছে। পরবর্তী পর্যায়ে এই টাকার পরিমাণ আরো বাড়বে।