• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন শনাক্ত হাজারের নিচে, মৃত্যু ১৭: কমছে করোনার প্রকোপ?

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১, ২০২১, ২২:৩৮ অপরাহ্ণ
নতুন শনাক্ত হাজারের নিচে, মৃত্যু ১৭: কমছে করোনার প্রকোপ?

দখিনের সময় ডেক্স ॥

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৯৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। সাত দিনের মধ্যে তিন দিনই এক হাজারের কম রোগী শনাক্ত হয়েছে।

গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত ৫ লাখ ১৪ হাজার ৫০০ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৫৭৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৮ হাজার ৬৫৬ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৭ জন। অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ১০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।
পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৮ দশমিক ১৮ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়া লোকজনে মধ্যে ১০ জন পুরুষ ও ৭ জন নারী। এর আগে গত বৃহস্পতিবার দেশে করোনায় ২৮ জনের মৃত্যু হয়। সেদিন ১ হাজার ১৪ জন রোগী শনাক্ত হয়। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার। শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। ওই মাসের শেষের দিক থেকে রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে চলে যায়। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। একপর্যায়ে দৈনিক রোগী শনাক্তের হার ১০ শতাংশ পর্যন্ত নেমেছিল। নভেম্বরের শুরু থেকে আবার সংক্রমণ বাড়ে। তিন সপ্তাহ ধরে অবশ্য শনাক্তের হার আবার ১০ শতাংশের নিচে।

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা না আসা পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষ করে বাইরে বের হলে মুখে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়ার বিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।