মক্কা ও মদিনার নিরাপত্তাকে সব ধরনের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। মক্কা-মদিনা অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, হারামাইন তথা মক্কা ও মদিনা বিশ্বের শতকোটি মুসলমানের প্রাণস্পন্দন। এ দুই পবিত্র নগরী কোনো রাষ্ট্রীয় বা রাজনৈতিক বিরোধের অংশ হওয়া উচিত নয়। তাই তাদের নিরাপত্তাকে সব ধরনের রাজনৈতিক সংঘাতের ঊর্ধ্বে রাখতে হবে।
চরমোনাই পীর বলেন, মঙ্গলবার মক্কা-মদিনায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার ঘটনায় মুসলিম বিশ্বে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর মতে, হারামাইনের নিরাপত্তা মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে কোনো ধরনের হুমকি তৈরি হওয়া উচিত নয়।
তিনি বলেন, হুতিদের পক্ষ থেকে মক্কা-মদিনার নিরাপত্তার প্রতি কোনো ধরনের হুমকি সৃষ্টি না করার বার্তা পাওয়া গেছে। এ অবস্থান ভবিষ্যতেও বজায় রাখার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে সৌদি সরকারের প্রতিও আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, ইসলামের প্রধান দুই পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি সরকারের। তাই এমন কোনো রাজনৈতিক বিরোধ বা সংঘাতে জড়ানো উচিত নয়, যার কারণে মক্কা ও মদিনার নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
তিনি আরও বলেন, শুধু নিরাপত্তা নিশ্চিত করাই নয়, মক্কা-মদিনা ও জাজিরাতুল আরবের মর্যাদা রক্ষা করাও সৌদি সরকারের দায়িত্ব।
বিবৃতিতে হারামাইনের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের জনগণের সংহতি প্রকাশ করে মুফতি রেজাউল করীম বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের জনগণ সৌদি আরবের পাশে আছে এবং থাকবে।