• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবহন নেতা হত্যা মামলায় পটুয়াখালী জেলা  মহিলা লীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ২, ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ণ
পরিবহন নেতা হত্যা মামলায় পটুয়াখালী জেলা  মহিলা লীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার
দখিনের সময় ডেস্ক:
ঢাকা মহানগর দক্ষিণের জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি হাসান মাহমুদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পটুয়াখালী জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
মামলার বাদী ফাতেমার স্বামী হাসান মাহমুদ ঢাকা মহানগর দক্ষিণের বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি ও ‘পেশায় একজন সাংবাদিক’ ছিলেন। গত ৩১ জুলাই রাত আনুমানিক দেড়টার দিকে নিজ বাসা থেকে বের হয়ে রাতে আর বাসায় ফিরে আসেননি। পরে তার স্ত্রী ফাতেমা অনেক খোঁজাখুজি করার পর জানতে পারেন— সাদা পোশাকে অস্ত্রধারীরাসহ অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জন লোক তার স্বামী হাসান মাহমুদকে তুলে নিয়ে গিয়েছে।
ডিসি তালেবুর রহমান আরও জানান, পরবর্তীতে তিনি খবর পান তার স্বামীর লাশ গোড়ান ছাপড়া মসজিদের সামনে রাস্তায় পড়ে রয়েছে। ওইদিন ভোর সাড়ে পাঁচটায় ঘটনাস্থলে গিয়ে স্বামীর মরদেহ মুগদা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসান মাহমুদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত হাসান মাহমুদের স্ত্রী ফাতেমা ৩৫ জনের নাম উল্লেখসহ আরো ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে গত ৩০ আগস্ট ডিএমপির খিলগাঁও থানায় একটি হত্যা মামলা রুজু করেন।
ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলিস্থানের পীর ইয়ামিন হোটেলের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।