স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ
দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক ।।
তানিসা আচার ঘর নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের কর্মী-সমর্থকদের হামলা, ভাঙচুর চালিয়ে মালামাল তছনছ করে ২২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় দোকান মালিক মনিরুল হাওলাদার মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে কুয়াকাটার হুইসেন পাড়া মহল্লার মাকসুদ আকন, শাহীন মুসল্লী, আবদুর রহিমসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জন এ ঘটনায় জড়িত। তাঁরা কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত বলে তিনি জানান।
কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন, ঐ জমির মালিকানা নিয়ে বিরোধ চলমান রয়েছে। কিন্তু কারও দোকানে হামলা-ভাঙচুর করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখবেন এবং পরবর্তীতে দলের নেতৃবৃন্দকে অবহিত করা হবে। কোন অপরাধীকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। আর অভিযুক্ত মাকসুদ আকন স্বেচ্ছাসেবক দলের একজন সমর্থক, তাঁদের কোনো পদ-পদবি নেই।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, ওই জায়গার মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। তবে এ ঘটনার পরে থানার একজন কর্মকর্তাকে লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।