• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুর বাস টার্মিনাল পরিণত হয়েছে দুর্ভোগের কেন্দ্রে

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ণ
পিরোজপুর বাস টার্মিনাল পরিণত হয়েছে দুর্ভোগের কেন্দ্রে
দখিনের সময় ডেস্ক:
খানাখন্দ, কাদা-পানি আর চরম অব্যবস্থাপনায় জর্জরিত হয়ে পড়েছে পিরোজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। সামান্য বৃষ্টিতেই টার্মিনালটি রূপ নেয় জলাশয়ে, ডুবে যায় বড় বড় গর্ত। প্রতিদিনই বাস, রিকশা, অটোরিকশা থেকে শুরু করে মোটরসাইকেল পর্যন্ত আটকে যাচ্ছে কাদার মধ্যে। যাত্রীদের নামতে হচ্ছে হাঁটু সমান পানিতে, পড়তে হচ্ছে আহত হওয়ার ঝুঁকিতেও। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো যাত্রী, চালক ও পরিবহন শ্রমিকরা।
২০০৬ সালে শহরের বাইপাস সড়কের পাশে মাছিমপুর এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এ টার্মিনালটি নির্মাণ করে। কিন্তু উনিশ বছরেও হয়নি কোনো বড় সংস্কার। বর্তমানে এখান থেকে ১৪টি রুটে ৬ শতাধিক বাসে প্রতিদিন ৩০-৩৫ হাজার যাত্রী চলাচল করে—যা ধারণক্ষমতার অন্তত ১০ গুণ বেশি। জায়গার অভাবে রাস্তাজুড়ে সারি সারি বাস রাখায় সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। শ্রমিকদের অভিযোগ, নিয়ম-নীতি উপেক্ষা করে অর্থের বিনিময়ে নতুন বাস চালুর অনুমতি দেওয়া হচ্ছে, এতে চাপ বেড়েছে কয়েকগুণ। বড় গর্ত আর ড্রেনেজ সংকটে ছোট যানবাহন পড়ছে বিপদে; যাত্রীরা নামলেই কাদা-পানিতে ভিজে যাচ্ছেন।
বাসচালক ও মালিকরা বলছেন, দ্রুত সংস্কার না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। পৌরসভা বলছে, অল্প পরিসরে কিছু মেরামত করা হলেও স্থায়ী সমাধানের জন্য প্রজেক্ট পাঠানো হয়েছে। তবে পরিবহন মালিক ও যাত্রীদের দাবি, এখনই জরুরি ভিত্তিতে টার্মিনালটি সংস্কার ও আধুনিকায়ন করতে হবে—নচেৎ প্রতিদিনের দুর্ভোগ আরও বাড়বে। দীর্ঘদিনের অবহেলায় একসময় যাত্রীদের গর্বের জায়গা ছিল এই পিরোজপুর টার্মিনাল, আজ সেটিই পরিণত হয়েছে দুর্ভোগের মাঠে।