গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী
দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহে সাংবাদিকসহ সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউসে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকো সিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যমের সঙ্গে যুক্ত হতে পারিনি এখনও। তিনি আরও বলেন, বর্তমানে যে ধরনের তথ্যপ্রযুক্তি ভিত্তিক গণমাধ্যমের যে প্রসার তৈরি হয়েছে এর সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার তাও এতদিনে হয়ে উঠেনি। সরকারের নীতিনির্ধারণী সবার সাথে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করব।
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতার ওপরও গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা ও জবাবদিহিতা একে অপরের পরিপূরক। আমরা এমন একটি পরিবেশ চাই, যেখানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং একইসঙ্গে পেশাগত মানদণ্ড বজায় থাকবে।
এর আগে তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএর অনুদানের চেক বিতরণ করেন। এ সময় ৬১ ক্ষতিগ্রস্তকে ২ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ অন্য সরকারি কর্মকর্তারা।