• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে হানিট্র্যাপ চক্রের ফাঁদে যুবক

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৯, ২০২৬, ১৫:০৮ অপরাহ্ণ
বরিশালে হানিট্র্যাপ চক্রের ফাঁদে যুবক
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে ‘হানিট্র্যাপ’ কৌশলে এক যুবকের কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক তরুণীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) রাতে নগরীর গির্জামহল্লা এলাকার হোটেল ইম্পেরিয়ালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন—চক্রের নারী সদস্য মিলিতা দত্ত ম্যালাইসা এবং তার সহযোগী সান্টু হাওলাদার। এ ঘটনায় ভুক্তভোগী সিরাজুল ইসলাম খান বাদী হয়ে হোটেলটির মালিক ও ম্যানেজারসহ মোট ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের বাসিন্দা সিরাজুল ইসলামের পরিচিত আব্দুর রহমান নামে এক ব্যক্তি জরুরি কাজের কথা বলে তাকে গির্জামহল্লা এলাকায় ডাকেন। পরে কৌশলে তাকে হোটেল ইম্পেরিয়ালের চতুর্থ তলার একটি কক্ষে নেওয়া হয়। সেখানে আগে থেকেই কয়েকজন সদস্য অবস্থান করছিলেন। কক্ষে ঢোকার পর এক নারী সদস্য তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ভান করে পরিস্থিতি তৈরি করেন। এরপর চক্রের অন্য সদস্যরা কক্ষে ঢুকে আপত্তিকর ভিডিও ধারণের চেষ্টা করে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করে।
ভুক্তভোগীর অভিযোগ, একপর্যায়ে তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং আরও টাকা দাবি করা হয়। পরে তিনি কৌশলে পরিচিত একজনকে বিষয়টি জানালে কোতয়ালী মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল মালিক ও ম্যানেজারসহ কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।