• ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

তারাবি নামাজ পড়তে যাওয়ার পথে কৃষককে হত্যা, গ্ৰেফতার ৫

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১৭:৩৮ অপরাহ্ণ
তারাবি নামাজ পড়তে যাওয়ার পথে কৃষককে হত্যা, গ্ৰেফতার ৫
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

বরিশালের মেহেন্দিগঞ্জে এক কৃষককে তারাবি নামাজ পড়তে যাওয়ার পথে হাতুড়িপেটা করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মোস্তফা কামাল (৪৫)। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ধর্মগঞ্জ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

নিহতের স্ত্রী আঁখি বেগম জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে নিহত মোস্তফা কামালের সাথে প্রতিপক্ষ সিদ্দিকুর রহমান, শাহাবুদ্দিন হাওলাদার ও নাসির হাওলাদারদের বিরোধ চলে আসছিল।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে তারাবি নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী বাজারের মসজিদের উদ্দেশে যাচ্ছিলেন মোস্তফা কামাল।

এসময় মাঠে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষরা তার ওপর অতর্কিত হামলা করে। একপর্যায় হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা এবং হাতসহ তার শরীরের বিভিন্ন অংশ ভেঙে দেয়।

মুমূর্ষু অবস্থায় রাতেই মোস্তফা কামালকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রাত একটার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।

কাজিরহাট থানার ওসি মো. নবীউল হাসান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ১৪ জনকে নামধারী এবং সাতজন অজ্ঞাতসহ মোট ২১ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী আঁখি বেগম।

ওই মামলার এজাহারভুক্ত আসামি নান্নু রাঢ়ী, কাশেম রাঢ়ী, জসিম খান, মিন্টু হাওলাদার ও সিয়াম হাওলাদারকে ঘটনার রাতেই গ্রেপ্তার করা হয়েছে।তাঁদেরকে গ্রেপ্তার করে বৃহষ্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।