• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত অর্ধশতাধিক

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ১, ২০২৫, ১৭:৫৫ অপরাহ্ণ
ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত অর্ধশতাধিক
দখিনের সময় ডেস্ক:
ভোলা জেলা শহরে বিএনপি ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) দুপুরের দিকে নতুনবাজার এলাকায় এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, আর একে অপরকে দোষারোপ করছে দুটি রাজনৈতিক দল।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি ও বিজেপির পৃথক রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই শহরে উত্তেজনা চলছিল। বেলা ১২টার দিকে ভোলা জেলা বিজেপি নতুনবাজার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিল করে। একই সময়ে বিএনপির নেতাকর্মীরাও মহাজনপট্টিতে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে। দুপুরে বিএনপির একটি মিছিল নতুনবাজার এলাকায় পৌঁছালে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও পরে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। একপর্যায়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তারা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয়। সংঘর্ষের সময় বোমা সদৃশ বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ভোলা জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম অভিযোগ করেন, বিএনপি বিনা উসকানিতে তাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে। তবে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, বিজেপির কর্মীরাই প্রথমে তাদের মিছিলে ঢিল ছোড়ে। বিকেলে ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হক জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখনো পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।