• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে ১১ মাসের শিশু নিখোঁজ

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ১, ২০২৫, ১৮:০৭ অপরাহ্ণ
ভোলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে ১১ মাসের শিশু নিখোঁজ
দখিনের সময় ডেস্ক:
ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে ঘুমন্ত মায়ের পাশ থেকে ১১ মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গফুর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটির নাম তাসপিয়া, সে মাওলানা জামাল ও কুলসুম বিবি দম্পতির ছোট মেয়ে। ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
পরিবারের সদস্যরা জানান, শিশুটির বাবা মাওলানা জামাল কাচিয়া ইউনিয়নের মাঝেরচরে একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। সেদিন রাতে তাসপিয়া তার মায়ের পাশে ঘুমিয়ে ছিল। ভোরে শিশুকে দুগ্ধ পান করানোর জন্য কুলসুম বিবি ঘুম থেকে উঠে দেখেন, শিশুটি নেই—তার জায়গায় কাঁথা দিয়ে ঢাকা একটি কোলবালিশ রাখা হয়েছে। তাসপিয়ার ভাই আমানুল্লাহ জানান, রাত সাড়ে ১২টার দিকে তিনি বোনকে ঘুমন্ত অবস্থায় দেখে পাশের ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে শিশুর নিখোঁজের বিষয়টি বুঝতে পারেন। পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করলেও শিশুর কোনো সন্ধান মেলেনি।
স্থানীয়রা জানান, গ্রামে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। তারা শিশুটিকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন। ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাৎ হোসাইন পারভেজ বলেন, বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে, এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।