• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দখিনের সময়
প্রকাশিত জুন ৯, ২০২৩, ১৬:৩৬ অপরাহ্ণ
পটুয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দখিনের সময় ডেস্ক:
পটুয়াখালীতে রুমা বেগম (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার দুপুরে পৌর শহরের ৯নং ওয়ার্ডের পল্লীবিদুৎ সংলগ্ন নিজ বাবার ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রুমা সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের পাটুখালী গ্রামের আরাফাত মৃধা’র স্ত্রী ও মরিচবুনিয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া খা বাড়ির খোকন খা’র মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রুমা বেগম পটুয়াখালী হাজি আক্কেল আলি হাওলাদার কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। শুক্রবার সকালে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয় রুমার। পরে মা মরিয়ম বেগমকে দোকানে পাঠিয়ে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। মা বাসায় এসে ঘরের দরজা-জানালা বন্ধ দেখে রুমাকে ডাকাডাকি করে সারা শব্দ না পেয়ে ঘরের দরজার ছিদ্র দিয়ে রুমার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
পটুয়াখালী সদর থানার এসআই ও তদন্ত কর্মকর্তা বিপুল হালদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলেও জানান এই কর্মকর্তা।