• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্টে থমকে গেছে মিরাজের জীবন

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৫, ২০:২৭ অপরাহ্ণ
বিদ্যুৎস্পৃষ্টে থমকে গেছে মিরাজের জীবন
গাজী তাহের লিটন, ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে বিয়েবাড়ির গেট সাজাতে গিয়ে ৩৩ হাজার ভোল্টেজ বিদ্যুতের তারে জড়িয়ে জীবন থমকে যায় মিরাজ ইসলামের (২৫)। অগ্নিদগ্ধ হয়ে এক হাত কেটে ফেলতে হয়েছে, আরেক হাতও পঙ্গু হয়ে গেছে। সদ্যবিবাহিত এ যুবক এখন দোচালা টিনের ঘরে স্ত্রী ও মাকে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।
২০২৫ সালের ৭ জুলাই বিকেলে লেবুকাটা এলাকায় ঘটে এ দুর্ঘটনা। ডেকোরেটরের কাজ করতে গিয়ে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন মিরাজ। প্রথমে ভোলা থেকে বরিশাল শেবাচিম, পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চলে তার চিকিৎসা। দীর্ঘ চার মাস হাসপাতালে থেকে এক হাত হারান তিনি, বুকের হাড়ও ভেঙে যায়। চিকিৎসকরা জানিয়ে দেন—শরীরের ক্ষত আর পঙ্গুত্বের কারণে মিরাজ আর কোনো দিন স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন না। এখন চিকিৎসার খরচের টাকাও জোগাড় করতে হিমশিম খাচ্ছে পরিবার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভিটেমাটি অন্যের জায়গায় ছোট্ট ঘরে স্ত্রী সুমাইয়াকে নিয়ে থাকেন মিরাজ। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অকেজো হয়ে যাওয়ায় না খেয়েও থাকতে হচ্ছে পরিবারকে। স্ত্রী সুমাইয়া দিনরাত মানুষের দ্বারে ঘুরছেন চিকিৎসার খরচ জোগাড় করতে। মিরাজের মা বলেন, স্বামীহারা হওয়ার পর সন্তানের উপার্জনে সংসার চলছিল, কিন্তু এখন সবই থমকে গেছে। স্থানীয়দের সহযোগিতায় কোনোভাবে দিন কাটলেও ভবিষ্যৎ অন্ধকার। তাই সরকারি-বেসরকারি সহায়তা এবং সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আকুতি জানিয়েছেন তারা।