• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিডিউল ঘোষণা করলে সরকারের একমাত্র কাজ হবে তাদের সহযোগিতা করা

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৫, ১৮:৫৭ অপরাহ্ণ
সিডিউল ঘোষণা করলে সরকারের একমাত্র কাজ হবে তাদের সহযোগিতা করা
দখিনের সময় ডেস্ক:
নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব। কমিশন যখন সিডিউল ঘোষণা করবে, তখন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা সীমিত থাকবে এবং সরকারের একমাত্র কাজ হবে নির্বাচনের সুষ্ঠু বাস্তবায়নে কমিশনকে সহযোগিতা করা।
সোমবার (২৭ অক্টোবর) ভোলার চরফ্যাশন উপজেলায় নবনির্মিত বেতুয়া নদী বন্দর টার্মিনাল ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, “আমাদের উদ্দেশ্য নির্বাচনে সহায়তা করা, না যে নির্বাচন হবে কিনা তা নিয়ে কোন প্রশ্ন নেই। নির্বাচন কার্য সম্পাদনের পুরো প্রক্রিয়া কমিশনের হাতে। সরকারের কাজ শুধুমাত্র সহযোগিতা করা।” তিনি আরও উল্লেখ করেন, প্রান্তিক জনগণের সুবিধার্থে সরকারের লক্ষ্য পরিষ্কার—ঢাকার সঙ্গে চরফ্যাশনের একমাত্র নৌপথ সংযোগ নিশ্চিত করা।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বেতুয়া নদী বন্দর টার্মিনাল ভবন এলাকার মানুষের সুবিধার্থে নির্মিত হয়েছে এবং এটি রক্ষণাবেক্ষণের দায়িত্বও স্থানীয়দের। শতবর্ষী প্যাডেল স্টিমার পুনরায় চালু করা হয়েছে এবং সপ্তাহে একদিন ঢাকা-ভোলা নৌপথে চলবে। অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি উপস্থিত ছিলেন।