• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় টানা বৃষ্টিতে জনজীবন অচল

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২, ২০২৫, ১৯:১০ অপরাহ্ণ
ভোলায় টানা বৃষ্টিতে জনজীবন অচল
দখিনের সময় ডেস্ক:
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে টানা ভারী বর্ষণ ও দমকা হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভোলার সাধারণ মানুষ। গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৪ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিশেষ করে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। বৈরী আবহাওয়ার কারণে মেঘনা ও তেঁতুলিয়া নদী কিছুটা উত্তাল থাকলেও অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে জেলা শহর ঘুরে দেখা যায়, ব্যবসা প্রতিষ্ঠান খুললেও জনসমাগম খুবই কম ছিল। সড়কে যানবাহনের উপস্থিতিও অন্যান্য দিনের তুলনায় অনেক কম। স্থানীয় বাসিন্দা মো. রুবেল জানান, মধ্যরাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি আর দমকা হাওয়ায় স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে। খালপাড় এলাকার শ্রমিক মো. আনিস ও কবির বলেন, তারা প্রতিদিনের মতো সকালে কাজে এসেছেন, কিন্তু অব্যাহত বৃষ্টির কারণে কাজ শুরু করতে পারছেন না। ফলে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভোলা আবহাওয়া পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান জানান, বর্তমানে জেলায় ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে এবং আগামী পাঁচ দিন ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, বৃষ্টি যদি এভাবেই অব্যাহত থাকে তবে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়বে।