• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৩৭ জেলের জেল-জরিমানা

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ণ
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৩৭ জেলের জেল-জরিমানা
দখিনের সময় ডেস্ক:
মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে জারি করা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ভোলার তিন উপজেলায় ৩৭ জন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জব্দ করা হয়েছে ৩৫ হাজার মিটার কারেন্ট জাল, ৩৫ কেজি ইলিশ মাছ ও পাঁচটি ট্রলার।
বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার (১০ অক্টোবর) দুপুর পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
বোরহানউদ্দিনে ১১ জন জেলে আটক হন। এর মধ্যে ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা বলেন, জব্দ হওয়া জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
লালমোহনে অভিযান চালিয়ে ১০ জন জেলেকে আটক করা হয়।  ৬ জনকে সাত দিন করে কারাদণ্ড দেয়া হয় এবং বাকি ৪ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। অন্যদিকে চরফ্যাশনে ১৬ জন জেলেকে আটক করা হয়েছে বলে জানান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। এর মধ্যে ৪ জনকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা, ২ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপ্রাপ্তবয়স্ক ৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ৪ জনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।
এই অভিযানে জব্দ করা হয় ৩৫ হাজার মিটার কারেন্ট জাল, ৩৫ কেজি ইলিশ মাছ এবং ৫টি ট্রলার। জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। ট্রলারগুলোর নিলামের প্রস্তুতি চলছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।
প্রসঙ্গত, মা ইলিশের প্রজনন নিরাপদ করতে ৩ অক্টোবর দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ২২ দিনের জন্য ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।