• ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিশু অপহরণের দোষ স্বীকার করলেন অটোরিকশাচালক

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬, ১৮:৩১ অপরাহ্ণ
শিশু অপহরণের দোষ স্বীকার করলেন অটোরিকশাচালক
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের গেটের বাইরে থেকে তিন বছরের শিশু হিসান রহমানকে অপহরণের মামলায় অটোরিকশাচালক চান মিয়া এবং তার বাবা নূর মোহাম্মদ আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করেছেন। শনিবার (৩১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়।
জবানবন্দি গ্রহণের পর আদালত চান মিয়া ও নূর মোহাম্মদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি মামলার অপর দুই আসামি চান মিয়ার মা চান মালা এবং তার ছোট ভাই জাকিরের স্ত্রী কুলসুমকেও কারাগারে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলম জানিয়েছেন, বাবা–ছেলের স্বীকারোক্তি প্রদানের কারণে তা রেকর্ড করা হয়েছে এবং অন্য দু’জনকে কারাগারে রাখার আবেদন আদালত অনুমোদন করেছেন।
ঘটনার সূত্রে জানা গেছে, গত বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে শিশুটির মা সুমাইয়া আক্তার তার ছেলেকে চিকিৎসার জন্য মুগদা হাসপাতালে নিয়ে যান। বেলা ১টার দিকে শিশুটি পানি চাইলে তিনি তাকে রিকশায় রেখে পাশের দোকান থেকে পানি কিনতে যান। ফিরে এসে দেখেন, রিকশা ও শিশুটি নিখোঁজ। পরে দীর্ঘ খোঁজাখুঁজির পর শিশুটিকে উদ্ধার করে র্যাব। এর পর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে র্যাব চান মিয়া, নূর মোহাম্মদ, চান মালা ও কুলসুমকে গ্রেপ্তার করে।