• ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের দিন মেট্রোরেল চালু থাকবে

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ
ভোটের দিন মেট্রোরেল চালু থাকবে
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে পৌঁছাতে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে, যা সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে চার দিনের অবকাশ তৈরি করছে।
এই সময়ে রাজধানীর যাত্রীসেবায় কোনো বিঘ্ন না ঘটাতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নির্বাচন উপলক্ষে ছুটির দিনগুলোতেও কর্মদিবসের সময়সূচি অনুযায়ী ট্রেন চলবে এবং ভোটের দিন যাত্রীচাপ সামাল দিতে অতিরিক্ত ট্রেন চালানোর ব্যবস্থাও থাকবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, ভোটের কারণে মেট্রোরেল চলাচলে কোনো ব্যত্যয় হবে না। তবে নিরাপত্তার স্বার্থে যেসব স্টেশনের প্রবেশদ্বার সরাসরি ভোটকেন্দ্রের পাশে অবস্থিত, সেসব গেট সাময়িকভাবে বন্ধ রাখা হবে; অন্যান্য গেট খোলা থাকবে।
নির্বাচনকালীন সময় নির্বিঘ্ন অপারেশন নিশ্চিত করতে ডিএমটিসিএলের ট্রেন পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটি ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। একই সঙ্গে ভোটের দিন সারা দেশে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে—১২ ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে এবং মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত। তবে জরুরি ও নির্বাচনসংশ্লিষ্ট কাজে কিছু শিথিলতা থাকবে। উল্লেখ্য, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।