• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনার দামে ৩৬ দিনে ২৪ দফা পরিবর্তন

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
সোনার দামে ৩৬ দিনে ২৪ দফা পরিবর্তন
দখিনের সময় ডেস্ক:
বছরের শুরু থেকেই দেশের সোনার বাজারে চলছে টানা অস্থিরতা। বিশ্ববাজারের ওঠানামার প্রভাব সামাল দিতে গিয়ে দেশের বাজারে একের পর এক দফায় দাম সমন্বয় করছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। কখনো ১২ ঘণ্টার মধ্যেই, আবার কখনো মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বদলাচ্ছে সোনার দাম। ফলে চলতি বছরের প্রথম ৩৬ দিনেই ২৪ বার দাম পরিবর্তনের নজির তৈরি হয়েছে।
তবে এই দোলাচলের মধ্যেই সাময়িক স্বস্তি মিলেছে বুধবার (৪ ফেব্রুয়ারি)। আগের দিন মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) একদিনে দুই দফা বড় অঙ্কে দাম বাড়ানোর পর এখন পর্যন্ত নতুন কোনো পরিবর্তন আসেনি। ওইদিন সকালে ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা এবং বিকেলে আরও ১০ হাজার ৯০৬ টাকা বাড়ানো হলে ২২ ক্যারেট সোনার দাম গিয়ে দাঁড়ায় প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকায়। এই দরেই আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।
বাজুসের সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা। সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১৬ দফা দাম বাড়ানো ও ৮ দফা কমানো হয়েছে, যা সোনার বাজারে চলমান অস্থিরতাকেই স্পষ্টভাবে তুলে ধরছে।