• ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কাতার-ইসরায়েলে আবারও ধারাবাহিক বিস্ফোরণ

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১, ২০২৬, ১৪:৪০ অপরাহ্ণ
কাতার-ইসরায়েলে আবারও ধারাবাহিক বিস্ফোরণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্রতর হচ্ছে। শনিবারের সংঘাতের ধারাবাহিকতায় রোববার (১ মার্চ) সকালে কাতারের রাজধানী দোহায় পরপর একাধিক বিস্ফোরণের ঘটনায় পুরো অঞ্চল নতুন করে উদ্বেগে পড়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, দোহার গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় অন্তত ১১টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের পক্ষ থেকে চালানো হামলায় নতুন করে আটজন গুরুতর আহত হয়েছেন; ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। রাজধানীর বিভিন্ন স্থাপনায় সীমিত আকারে ক্ষয়ক্ষতির কথা জানানো হয়েছে এবং উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো জানিয়েছে। পরিস্থিতি বিবেচনায় আমিরাতজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে ইসরায়েলের তেল আবিবসহ বিভিন্ন শহরে বিমান হামলার আশঙ্কায় সাইরেন বাজতে শুরু করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর এই পাল্টাপাল্টি আঘাতে পুরো অঞ্চল অস্থির হয়ে উঠেছে, যা বৃহত্তর সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তুলছে।