• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রাহকের বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানহানি মামলা

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৭, ২০২৫, ১৫:৪৭ অপরাহ্ণ
গ্রাহকের বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানহানি মামলা
দখিনের সময় ডেস্ক:
ইস্টার্ণ ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের গ্রাহক মো. মোর্তোজা আলীর বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানহানির মামলা করেছে। মঙ্গলবার (৪ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। ইবিএল জানিয়েছে, মোর্তোজা আলী অসৎ উদ্দেশ্যে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ব্যাংকের ৪৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে ভিত্তিহীন ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে পিটিশন জমা দেন। এই অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাংকের সুনাম ক্ষতিগ্রস্ত হয়। বৃহস্পতিবার (৬ মার্চ) ইবিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আদালত মামলাটি আমলে নিয়ে মোর্তোজা আলীর বিরুদ্ধে সমন জারি করেছেন।
ইবিএল-এর এমডি ও সিইও আলী রেজা ইফতেখার জানিয়েছেন, ঘটনাটি ২০১৭ সালে সংঘটিত একটি তহবিল আত্মসাতের কাণ্ডের সঙ্গে সম্পর্কিত, যেখানে ব্যাংকের এক সাবেক কর্মকর্তা বহিরাগত প্রতারকদের সঙ্গে যোগসাজশ করেন। ইবিএল সেই সময়ই দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়, এবং আদালত তাদের দোষী সাব্যস্ত করে শাস্তি দেয়। ইবিএল মনে করে, মোর্তোজা আলীর ভিত্তিহীন অভিযোগ গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই ক্ষতিপূরণ আদায়ে তারা এই মানহানির মামলা করেছে।