দখিনের সময় ডেস্ক:
চাঁদপুরের ফরিদগঞ্জে বাসার টয়লেট থেকে নুরজাহান বেগম (৫০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুয়েতপ্রবাসী আবুল কালামের স্ত্রী ও চার সন্তানের জননী।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহৃদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের কলেজপড়ুয়া মেয়ে নূর সুলতানা তানহা জানান, প্রতিদিনের মতো সকালে কলেজে যাওয়ার পর দুপুরে বাড়ি ফিরে তিনি ঘরের দরজা বন্ধ পান। মাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে তিনি এক চাচাতো বোনের বাড়িতে যান। কিছুক্ষণ পর আবার ফিরে এসে দেখেন দরজা খোলা। ঘরে ঢুকে টয়লেটে গলাকাটা অবস্থায় মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পরে নুরজাহান বেগমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম জানান, নুরজাহান বেগম বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন এবং প্রায়ই পাওনাদাররা বাড়িতে আসতেন। ঘটনার দিন সকালেও কিছু লোকজন তার বাড়িতে এসেছিলেন বলে জানা গেছে, তবে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নাম নিশ্চিত করা যায়নি।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। গলায় গভীর জখমের চিহ্ন রয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।