• ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১৫:১৭ অপরাহ্ণ
চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সিলেটের ওসমানীনগরে চুরি করা গরু জবাই করে ইফতার আয়োজনের অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
গত মঙ্গলবার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুখাপন গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইউনাইটেড গলমুখাপন ট্রাস্ট’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিসহ কয়েক গ্রামের প্রায় সহস্রাধিক রোজাদার অংশ নেন। আয়োজনের দায়িত্বে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আহমদ মধু ও সাধারণ সম্পাদক বুরহান মিয়া। ইফতারের আগের দিন একই গ্রামের নাজমুল ইসলামের একটি গরু মাঠ থেকে নিখোঁজ হয়। অভিযোগ রয়েছে, যুক্তরাজ্যপ্রবাসী আহমদ মধু ইফতারের জন্য তার বাড়ির কেয়ারটেকার সাঈদীকে তিনটি গরু কেনার টাকা দিলেও তিনি নতুন গরু না কিনে নিখোঁজ গরুটি ধরে এনে জবাই করেন। পরে গ্রামবাসীর সন্দেহের ভিত্তিতে বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় বিষয়টি নিশ্চিত হয়।
ঘটনা প্রমাণিত হওয়ার পর প্রবাসী আহমদ মধু গরুর মালিককে ৭০ হাজার টাকা পরিশোধ করে বিষয়টি মীমাংসা করেন এবং নিজেকে নির্দোষ দাবি করে একটি ভিডিও বার্তা দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযুক্ত কেয়ারটেকার বর্তমানে পলাতক। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরশেদুল আলম ভূঁইয়া জানান, আনুষ্ঠানিক অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।