ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তাবাসসুম নামে সাড়ে চার বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের একটি সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটির বাবা নজরুল হোসেন মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার বাসিন্দা; তিনি কালীগঞ্জে একটি দর্জির দোকানে কাজ করেন। মা হালিমা খাতুন স্থানীয় একটি প্রতিষ্ঠানে কর্মরত। কাজের সুবাদে তারা দীর্ঘদিন ধরে বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বুধবার বিকেলে তাবাসসুম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে মাঠে যাওয়ার পথে এক কৃষক বিদ্যালয়ের পেছনে রক্তমাখা একটি বস্তা দেখতে পান। স্থানীয়দের সহযোগিতায় পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।